লেখিকা:রে জা
তোমার জন্য হৃদয়-কলম,
তোমার জন্য খাতা;
তোমার জন্য মেঘের বারিশ—
আমি হবো ছাতা।
তোমার মন-কাননে রোজ
হাসনাহেনা ফুল;
খুশবু ছড়ায় তোমার নামে—
আমি থাকি মশগুল।
তোমার জন্য হৃদয়-মাঝে
প্রেমের আলাপন;
তোমায় আঁকি খোদাই করে
যত্নে সারাক্ষণ।
তুমি আমার অনেক শখের
মিষ্টি বুলির পাখি;
তোমার প্রেমে মত্ত হয়েই
তোমার সুরে ডাকি।
তোমার জন্য শিশির-ভেজা
টকটকে গোলাপ লাল;
তোমার জন্য আমার হৃদয়
বিভোল—সন্ধে-সকাল।
তোমার জন্য সন্ধ্যা-রাতের
মিটিমিটি তারা;
তোমার প্রেমে এই আমিটা
সুবোধ পাগলপারা।
তোমার জন্য স্বপ্ন আঁকি
প্রতিক্ষণ অবিরাম;
তোমার জন্য আকাশ-পানে
মেঘে লিখি তব নাম।
তোমার জন্য আমার হৃদয়ে
ফুল ঝরে যে রাতে;
প্রেমের গোলাপ তোমাকে দিই
প্রতি শুভপ্রাতে।
সমাপ্ত
২৭–১১–২০২৫